দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নাটকে নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান তৈরি করছেন মাফতুহা জান্নাত জিম। ময়মনসিংহের মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী একের পর এক নাটকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়ছেন। সম্প্রতি তাঁর অভিনীত তিনটি নাটক ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নাটক তিনটি হলো ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। তিনটি নাটকেই চরিত্রের বৈচিত্র্য ও সাবলীল অভিনয়ের মাধ্যমে প্রশংসা পাচ্ছেন জিম। প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজের অভিজ্ঞতার পাশাপাশি এসব নাটকে তাঁর অভিনয় দর্শকের কাছে তাঁকে আরও পরিচিত করে তুলেছে।
গত ২৫ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত ‘বিষপাখি’ নাটকে জিমের সহশিল্পী ছিলেন আনোয়ারুল আলম সজল ও মীর রাব্বি। গ্রামের এক সাধারণ মেয়ের প্রেম ও পরিণতির গল্পে অভিনয় করেছেন তিনি। নাটকটি এরই মধ্যে ২৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
অন্যদিকে, জোনায়েদ বোগদাদীর বিপরীতে ‘পেট্রোল’ নাটকেও অভিনয়ের দক্ষতা তুলে ধরেছেন জিম। নাটকটি ১৭ লাখের বেশি বার দেখা হয়েছে। আরশ খানের সঙ্গে জুটি বেঁধে ‘আহা একি মায়া’ নাটকে অভিনয় করেছেন তিনি। মেহেদী হাসান জনি পরিচালিত নাটকটি গত ১১ অক্টোবর প্রকাশের পর অল্প সময়েই ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। নাটকটির সাফল্যে আরশ ও জিমের জুটির প্রতি দর্শকের আগ্রহও উঠে এসেছে।
তিনটি নাটক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জিম বলেন, ‘বিষপাখি’তে তাঁর চরিত্রটি ব্যতিক্রমী। গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। ‘পেট্রোল’ নাটকের গল্পও অন্য রকম বলে জানান এই অভিনেত্রী। ‘আহা একি মায়া’ অল্প সময়েই দর্শকের সাড়া পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, আরশ খানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকের পছন্দ হওয়ায় নাটকটি দ্রুত এত বেশি দেখা হয়েছে বলে তাঁর ধারণা। তিনটি নাটকের জন্যই প্রতিদিন দর্শকের সাড়া পাচ্ছেন জানিয়ে পরিচালক ও সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিম।
এমএম/